Dhaka Mail Logo

সারাদেশ

১৪৪ ধারা উপেক্ষা করে দিরাইয়ে বিএনপির দুই পক্ষের মিছিল-সমাবেশ

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৬, ০৪:৪২ পিএম

সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির একটি সমাবেশকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের নেতাকর্মীরা উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল ও পাল্টা মিছিল করেছেন। এ নিয়ে সকাল থেকে থানা পয়েন্ট এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরে এক পক্ষ বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেছে। তবে কোনো সংঘাতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরীর সমর্থিত নেতাকর্মীরা গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিরাই থানা পয়েন্টে সমাবেশ করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী।

এর পাল্টা হিসেবে শনিবার (৮ আগস্ট) সমাবেশের ডাক দেন নাছির উদ্দিন চৌধুরীর ছোট ভাই ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সমর্থিত নেতাকর্মীরা। এতে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরাও সমর্থন দেন।

এদিকে মাসুক চৌধুরী সমর্থিতদের সমাবেশের প্রতিবাদে শুক্রবার রাতে দিরাই থানা পয়েন্টে প্রতিবাদ মিছিল করেন নাছির উদ্দিন চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা। ফলে শনিবার সকাল থেকেই থানা পয়েন্ট এলাকায় উত্তেজনা দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে দিরাই থানার ওসির অনুরোধে শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থানা পয়েন্ট, দিরাই বাজার, কলেজ রোড ও পৌর এলাকার বাগানবাড়ি কমিউনিটি সেন্টার এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। এ সময় গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

তবে ১৪৪ ধারা জারির পরও উভয় পক্ষের নেতাকর্মীরা থানা পয়েন্ট এলাকায় মিছিল ও পাল্টা মিছিল করেন। পরে দুপুরে বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে সমাবেশ করেন মাসুক চৌধুরী, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল ও আলী আকবর চৌধুরী সমর্থিত নেতাকর্মীরা।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন উদ্দিন চৌধুরী (মাসুক চৌধুরী) সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন দিরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শোয়েব হাসান ও ওবায়দুর চৌধুরী মিশুসহ অন্যরা।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিএনপির নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল-সমাবেশ করেছেন।’

দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মিছিলের পর এক পক্ষ সমাবেশ করেছে। এখন পর্যন্ত কোনো সংঘাত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

প্রতিনিধি/এসএস