Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি

০৮ আগস্ট ২০২৬, ০২:২৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা।

শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা।

এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রীরা। খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকায় সরকারি ইজারা নেওয়া বালুমহাল থেকে বালু উত্তোলনের কথা থাকলেও স্থান পরিবর্তন করে আশুগঞ্জের মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু তুলছে।

faacf063-93e0-417d-9f1b-faf2a5910eff

তাদের দাবি, প্রতিদিন প্রায় অর্ধশত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে কৃষিজমি, তাপবিদ্যুৎকেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার, নদীতীরবর্তী বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা। বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময় প্রতিবাদ জানালেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তারা।

এর আগে গত বৃহস্পতিবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এরপর প্রভাবশালী মহলের লোকজন তাদের ওপর হামলা ও বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা বলেন, হুমকিদাতাদের দ্রুত গ্রেফতারসহ অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জামাল হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে। সম্প্রতি অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালানো হয়েছে। তবে অভিযানের সময় সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় তাদের আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এ ছাড়া একটি ভলগেটকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস