জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ০২:২৩ পিএম
বজ্রপাতে সাতক্ষীরায় তালায় মাঠে ধান রোপণের সময় আকষ্মিক বজ্রপাতে চিত্তরঞ্জন আইচ (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে বজ্রপাতের এই ঘটনা ঘটে।
তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
চিত্তরঞ্জন ওই গ্রামের মৃত কানাইলাল আইচের ছেলে। কৃষির পাশাপাশি তিনি তালা বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
উপজেলার গোপালপুর গ্রামের শ্যামল বিশ্বাস জানান, চিত্তরঞ্জন আইচ তাদের নিজেদের জমিতে ধান রোপণের জন্য শনিবার সকালে ৮/১০জন কৃষি শ্রমিক (জোন) নিয়ে বাড়ির পাশে বিলে যান। বেলা ১২টার দিকে আকাশ মেঘলা হয়ে ওঠে এবং আকস্মিক বজ্রপাত হয়। ধান রোপণের কাজ করা অবস্থায় বজ্রপাত সরাসরি চিত্তরঞ্জনেন শরীরে আঘাত করলে তার গায়ে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলে নিহত হন। এসময় পাশে থাকা অন্য কৃষকরা চিত্তরঞ্জনকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
এ বিষয়ে তালা থানার ওসি (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিস্থিতি বুঝে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/টিবি