জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ০২:১৫ পিএম
কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই) রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ভোরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে তার মরদেহ বের করে আনা হয়।
রুবেল হোসেন ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে ক্যাম্পে অনুষ্ঠিত রোলকলে অনুপস্থিত ছিলেন এএসআই রুবেল। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
পরে শনিবার ভোর ৫টার দিকে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে ওয়াশরুমে গেলে দেখতে পান, দরজা ভেতর থেকে বন্ধ। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তিনি রুবেল হোসেনকে ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বিষয়টি ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসক ঘটনাস্থলে যান। পরে ওয়াশরুমের স্টিলের দরজা কেটে রুবেল হোসেনকে উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তিনি মারা গেছেন।
ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত একটি মুঠোফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, ওয়াশরুম ব্যবহারের সময় স্ট্রোকজনিত কারণে এএসআই রুবেল হোসেনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/এসএস