জেলা প্রতিনিধি
০৮ আগস্ট ২০২৬, ১২:২৫ এএম
লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ে বাড়ির খাবারের মান নিয়ে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়।
শুক্রবার (৭ জুলাই) বিকেলে রায়পুর পৌরসভা উত্তর কেরোয়া এলাকায় কনের বাড়ি এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ লাখ টাকার দেনমোহরে শাহ আলম পাটওয়ারীর মেয়ে নাজমার সঙ্গে রায়পুর উপজেলার কলাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে কুয়েত প্রবাসী মুক্তার হোসেনের বিয়ে হয়। এরপর সবাই খাবার খেতে বসে।
একপর্যায়ে বরের বড়ভাই উঠে খাবার নিয়ে এলোমেলো কথা বলে। এসময় বর উঠে বাঁশ-লাঠিসোঁটা খোঁজে হামলা করার জন্য। এনিয়ে বাগবিতণ্ডা ও কথাকাটাকাটির একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে কনের বাবা শাহ আলম পাটওয়ারীসহ উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে। এরমধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
কনের বাবা শাহ আলম পাটওয়ারী বলেন, হঠাৎ করে বরের ভাই খবার নিয়ে প্রশ্ন তোলে। এ নিয়ে কথা বাড়াবাড়ির একপর্যায়ে বরও ক্ষিপ্ত হয়ে উঠে, পরে মারামারির ঘটনা ঘটে।
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মামুনুর রশিদ বলেন, মারামারির ঘটনায় ৩ জনকে হাসপাতালে আনা হয়েছে। দুইজন চিকিৎসা নিয়েছেন। অন্য একজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদেরকে জানায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এমএইচআর