Dhaka Mail Logo

সারাদেশ

তিন তলা সাইকেল বানিয়ে চমক দেখালেন তরুণ

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ১০:৫২ পিএম

নিজের চিন্তা আর কারিগরি দক্ষতায় এবার তিন তলা সাইকেল তৈরি করে চমক দেখিয়েছেন ১৮ বছরের তরুণ। তার নাম ইউছুফ আলী। সাধারণ সাইকেলের আদলে তৈরি হলেও ব্যতিক্রমী এই সাইকেলটির রয়েছে পরপর তিনটি স্তর। আর অভিনব এই সাইকেল দেখতে ভিড় করছেন স্থানীয় মানুষ।

তার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ গ্রামে। এ গ্রামের দিনমজুর ছাইফুল ইসলাম ও আনজুয়ারা বেগম দম্পতির ছেলে ইউছুফ আলী।

স্থানীয়রা বলছে, শখ থেকেই ব্যতিক্রমী কিছু তৈরির চিন্তা শুরু করেন ওই তরুণ। দীর্ঘ সময় ধরে পরিকল্পনা, মাপজোক ও নানা পরীক্ষা-নিরীক্ষার পর তৈরি করেন তিন তলা সাইকেলটি। পুরনো ও সহজলভ্য বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করেই এর কাঠামো তৈরি করা হয়েছে। সাইকেলটির নিচের অংশে রয়েছে মূল চাকা ও প্যাডেল ব্যবস্থা। এর ওপর ধাপে ধাপে তৈরি করা হয়েছে আরও দুটি স্তর।

তাদের ভাষ্য, সাধারণ সাইকেলের তুলনায় এর উচ্চতা অনেক বেশি। ভারসাম্য ঠিক রাখা এবং নিরাপদে চালানোর জন্য কাঠামোটিকে বিশেষভাবে শক্ত করা হয়েছে।

তরুণ ইউছুফ আলীর প্রত্যাশা, নতুন সরঞ্জাম দিয়ে সাইকেল তৈরি করে একটি শো-রুম দেবেন। কিন্তু অর্থ সংকটে সেই স্বপ্ন ভেস্তে যাচ্ছে। এ বিষয়ে সরকারি-বেসরকারি সহযোগিতা আশা করছেন এই যুবক।

ইউছুফ আলীর বড় ভাই রনি আকন্দ বলেন, আমার ছোট ভাই নতুন কিছু করার আগ্রহ থেকেই তিন তলা সাইকেল তৈরি করেছে। ভবিষ্যতে আরও আধুনিক ও মানুষের কাজে লাগে— এমন কিছু তৈরি করার ইচ্ছা রয়েছে তার। পরিবারের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হচ্ছে।   

সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, ইউছুফ আলীর এমন কারগরি কাজ দেখে প্রশংসা করছেন অনেকে।  সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও উদ্যোক্তারা এগিয়ে এলে তার সৃজনশীলতা ভবিষ্যতে আরও বড় পরিসরে বিকশিত হতে পারে।

প্রতিনিধি/এলএ