জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৯:২৩ পিএম
নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের এক পথসভা অনুষ্ঠানে উদ্ধার হওয়া পিস্তলটি খেলনা বলে জানিয়েছেন পুলিশ।
আটক ওই যুবকের নাম আল আমিন তানিম(২৫)। তিনি নাটোর শহরের কানাইখালী এলাকার মৃত শাসসুল আলমের ছেলে।
শুক্রবার(৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নাটোর উত্তরা গণভবনের সামনে থেকে পিস্তলসহ তাকে আটক করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, শুক্রবার বিকেলে নাটোর উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের সামনে দলীয় এক পথসভায় বক্তব্য দিচ্ছিলেন পর্যটন মন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তৃতা শেষে পর্যটন মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় শৃঙ্খলা বাহিনীর এক সদস্যের সঙ্গে ওই যুবকের ধাক্কা লাগে। এতে পুলিশের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করেন। এসময় তাকে তল্লাশি চালিয়ে একটি পিস্তলসহ আটক করে নাটোর সদর থানায় হেফাজতে নিয়ে যায়।
তিনি জানান, উদ্ধার হওয়া পিস্তলটি পুলিশ যাচাই বাছাই শেষে নিশ্চিত হয় পিস্তলটি খেলনা। পিস্তলের ভিতরে থাকা গুলিগুলো প্লাস্টিকের। বিষয়টি গভীর ভাবে তদন্ত চলছে। ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
প্রতিনিধি/এজে