Dhaka Mail Logo

সারাদেশ

সাভারের তিন ইউনিয়ন কেরানীগঞ্জে ‘সংযুক্তির প্রস্তাব’, মহাসড়কে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম

ঢাকার সাভারের তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্তির প্রস্তাবের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় হেমায়েতপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

শুক্রবার দুপুরে সাভারের হেমায়েতপুরে তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে কয়েক হাজার মানুষ অংশ নেন। বিক্ষোভ মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে একটি ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে। পরে সেই স্বাক্ষর ব্যবহার করে তেঁতুলঝোড়া, আমিনবাজার ও ভাকুর্তা ইউনিয়নকে সাভার উপজেলা থেকে বিচ্ছিন্ন করে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার চেষ্টা চলছে। 

সমাবেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন সরকার বলেন, আমরা কোনোভাবেই সাভার থেকে বিচ্ছিন্ন হতে চাই না। নাগরিক সেবা, শিক্ষা, চিকিৎসা ও প্রশাসনিক সব কার্যক্রম সাভারকেন্দ্রিক। তাই এই তিনটি ইউনিয়নকে সাভার উপজেলার সঙ্গেই রাখতে হবে। ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের কাছ থেকে স্বাক্ষর নেওয়া হয়েছে। সেই স্বাক্ষর অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হলে তা জনগণের সঙ্গে প্রতারণার শামিল। এ ধরনের কোনো সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

বক্তারা আরও বলেন, সাভারের তিনটি ইউনিয়নকে উপজেলা থেকে বিচ্ছিন্ন করার যেকোনো উদ্যোগ প্রতিহত করা হবে। দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন। 

বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর অংশে যানবাহনের ধীরগতি দেখা দেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

তবে তিনটি ইউনিয়নকে কেরানীগঞ্জ উপজেলার সঙ্গে সংযুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রতিনিধি/এলএ