জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৫:৪২ পিএম
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের ৪টি বগি লাইনচ্যুত হওয়া সাড়ে ৬ ঘণ্টা পর উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উদ্ধারকাজ শেষ হয়।
জানা যায়, সকালে ময়মনসিংহের গফরগাঁওয়ে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনের পাওয়ার কারসহ চারটি বগির ১৬টি চাকা লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে যায় এ রুটে ট্রেন চলাচল। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে শিবগঞ্জ রেলক্রসিং পার হয়ে গফরগাঁও স্টেশনে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ট্রেনটি ঢাকা যাচ্ছিল। স্টেশনে প্রবেশের সময় হঠাৎ বিকট শব্দে একের পর এক বগি লাইনচ্যুত হয়। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও বিপাকে পড়েন শত শত যাত্রী। দীর্ঘ সময় আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন তারা। ঘনঘন এমন দুর্ঘটনায় রেলপথের নিরাপত্তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন যাত্রীরা ও স্থানীয়রা।
যাত্রীদের দুর্ভোগ কমাতে দুর্ঘটনার প্রায় দুই ঘণ্টা পর ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনের সঙ্গে সমন্বয় করা হয়। দুর্ঘটনা কবলিত ট্রেনের লাইনচ্যুত চারটি বগি বাদ দিয়ে বাকি সাতটি বগিতে এবং অন্য ট্রেনে যাত্রীদের স্থানান্তর করে গন্তব্যে পাঠানো হয়। এদিকে ঢাকা-ময়মনসিংহ রুটের অন্য ট্রেনগুলো ভৈরব হয়ে বিকল্প পথে চলাচল করছে।
ময়মনসিংহ রেলওয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান জানান, কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হয়েছে তা খুঁজে বের করতে তদন্ত কমিটি কাজ করছে।
প্রতিনিধি/ এজে