জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৫:১৭ পিএম
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং কর্তৃক নিজ সহপাঠী নির্যাতিত হওয়ার ঘটনায় আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে। নির্যাতনের ঘটনা নিজেদেরই করা ভিডিও "Mq ReZa 2.0" নামে একটি ফেইসবুক পেইজে ভাইরাল হয়, যা বিজ্ঞ আদালতের নজরে আসলে আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করে বেতাগী থানার অফিসার ইনচার্জকে আগামী ১৬ আগস্ট এর মধ্যে আদালতকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
শুক্রবার (৭ আগস্ট) বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক ও বেতাগীর আমলী আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসেন মামলাটি আমলে নিয়ে এ তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
ভিডিওতে যাকে নির্যাতন করতে দেখা গেছে, তার পরিচয় না মিললেও পরিচয় মিলেছে নির্যাতনকারীর। নির্যাতনকারী বরগুনার বেতাগী উপজেলার শৃঙ্খলা এলাকার বাসিন্দা খোকনের ছেলে রেজা। রাব্বির ছোট ভাই পরিচয়কারীকে নির্মমভাবে নির্যাতনের করতে দেখা গেছে এই রেজাকে।
অভিযুক্ত আসামি রেজা তার নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে আরেকটি ভিডিও আপলোড দিয়ে দাবি করেছেন, কথিত ভিকটিম একজন ইভটিজার। বিভিন্ন সময়ে মেয়েদের স্কুল-কলেজ যাতায়াতের পথে বিরক্ত করে। তার বোনকেও বিরক্ত করেছেন। তাই তিনি ইভটিজিংয়ের অভিযোগে তাকে মারধর করেছেন।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর অর রশিদ বলেন, এ বিষয়ে আদালতে স্বপ্রণোদিত একটি মামলা হয়েছে। আদালতের নির্দেশে ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিনিধি/ এজে