Dhaka Mail Logo

সারাদেশ

সুস্থ থাকতে হাঁটতে গিয়ে সড়কে ঝরল নারীর প্রাণ

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০৫:১১ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রুজিনা বেগম (৩২) নামে এক নারী মারা গেছেন।

শুক্রবার সকালে মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। 

তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের মামাতো ভাই বেলাল হোসেন ইয়াছিন।

মৃত রুজিনা উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

রুজিনা বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে আক্রান্ত। তিনি সুস্থ থাকতে প্রতিদিন সকালে হাঁটেন। কয়েক দিন আগে চৌদ্দগ্রাম পৌরসভার কিং শ্রীপুর গ্রামে বাবা আবুল কাশেমের বাড়িতে বেড়াতে যান।

সকালে রুজিনা বাবার বাড়ি থেকে জয়ন্তীনগর গ্রামে নানার বাড়িতে যাওয়ার সময় চৌদ্দগ্রাম বাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। 

মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক রবিউল হোসেন জানান, মরদেহ থানায় আনা হয়েছে। স্বজনের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ