নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম
সাবেক শিক্ষামন্ত্রী ও প্রয়াত মেয়র মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল হাসান চৌধুরী নওফেলের চট্টগ্রামের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলেছেন স্থানীয়রা। নওফেলের ভাইয়ের অভিযোগ, তাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার চশমাহিল এলাকার মেয়র গলির বাড়িতে এ ঘটনা ঘটে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মোহাম্মদ জাহেদুল ইসলাম।
তিনি বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজে রাত ২টার দিকে ওই বাড়ির সামনে সাতজন যুবককে দেখা গেছে। তারা আগুন জ্বালানেরা চেষ্টা করে।’
পরে বাসার সামনে একটি পাইপলাইনে আগুন ধরে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এলে তারা চলে যায়। পরে আগত স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে। তবে এ বিষয়ে কিছুই জানে না বলে জানান সিএমপির উপকমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন। তিনি বলেন, ‘বিষয়টি এখনও সঠিক জানি না। আমরা তদন্ত করে দেখছি।’
স্থানীয়রা জানান, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার (৫ আগস্ট) ভারতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সেখানে অংশ নেন- সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। একই অনুষ্ঠানে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানও।
সংবাদ সম্মেলনের পর মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের পাশাপাশি আগুন দেওয়া হয়। একই ঘটনার জেরে মহিউদ্দিন ছেলে নওফেলের বাড়িতেও আগুন দেওয়া হয়েছে বলে ধারণা স্থানীয় লোকজনের।
তবে নওফেলের ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীন ফেসবুকে লিখেছেন, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে আবারও আমাদের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। দ্রুত এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। সহিংসতা কখনোই রাজনৈতিক মতপার্থক্যের ভাষা হতে পারে না।’
উল্লেখ্য, চশমাহিলের মেয়র গলির বাড়িটি এখনো প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে পরিচিত চট্টগ্রামের মানুষের কাছে। ওই বাড়িতে রাজনৈতিক পটপরিবর্তনের আগপর্যন্ত মহিউদ্দিনের পরিবারের সদস্যরা থাকতেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ওই বাড়িতে কয়েকদফা হামলার ঘটনা ঘটে।
এরপর থেকে বাড়িটি খালি পড়ে আছে। অন্তর্বর্তী সরকারের আমলেও বাড়িটিতে কয়েকবার হামলা করা হয়। মহিবুল হাসান চৌদুরী নওফেল চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য।
প্রতিনিধি/এমআই