Dhaka Mail Logo

সারাদেশ

স্কুলছাত্রী ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০৩:০১ পিএম

নেত্রকোনায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে (৩৩) ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১৪-এর সদর কোম্পানির কমান্ডার মেজর মীর ইশতিয়াক আমিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে তাকে নেত্রকোনা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রিপন মিয়া নেত্রকোনা সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের নন্দুরা গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা গেছে, প্রতিবেশী সপ্তম শ্রেণির এক কিশোরীকে (১৫) সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন রিপন মিয়া। পরে গত ৩০ জুলাই রাতে জরুরি কথা বলার কথা বলে ওই কিশোরীকে মগড়া নদীর পাড়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে গত ৬ আগস্ট রাতে কিশোরীর বাবা বাদী হয়ে নেত্রকোনা মডেল থানায় রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুন

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা

র‍্যাব জানায়, অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্ষণের অভিযোগ ওঠার পর গত সোমবার রাতে স্থানীয় বিএনপির কার্যালয়ে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর উপস্থিতিতে রিপন অভিযোগ স্বীকার করে ক্ষমা চান বলে দাবি করা হয়। বৈঠকে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। এক সপ্তাহের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে না পারলে তার বাড়ি ভুক্তভোগীর নামে লিখে দেওয়ার সিদ্ধান্ত হয়। পাশাপাশি তাকে এলাকা ছাড়ারও সিদ্ধান্ত নেওয়া হয়।

এ-সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। একটি ভিডিওতে রিপন মিয়াকে উপস্থিত ব্যক্তিদের কাছে ক্ষমা চাইতে দেখা যায়। ভিডিও প্রকাশের পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ধর্ষণ মামলার অভিযুক্ত রিপন মিয়াকে র‍্যাব গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস