Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০২:১৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডোবার পানিতে ডুবে রিয়াজুল মণ্ডল (১১) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের উত্তর ভাঙ্গামোড় এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিয়াজুল মণ্ডল উত্তর ভাঙ্গামোড় গ্রামের মোজাম্মেল মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার শিশুটির মা ছেলের প্রতিবন্ধী ভাতার টাকা তুলতে স্থানীয় চান্দের বাজারের একটি বিকাশ এজেন্টের দোকানে যান। বাড়িতে ফিরে রিয়াজুলকে না পেয়ে স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শুক্রবার সকালে বাড়ির পাশের একটি ডোবায় শিশুটির ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে স্বজনেরা মরদেহ উদ্ধার করেন।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, উত্তর ভাঙ্গামোড় এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর তিনি শুনেছেন। ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক।

প্রতিনিধি/এসএস