জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ১১:২২ এএম
গাজীপুরের শ্রীপুরে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাঁচলটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ৭-৮ জন ডাকাত সৌদি প্রবাসী সাকিবের বাড়িতে হানা দেয়।
তারা ঢেঁকি দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে বাড়িতে থাকা প্রবাসীর বৃদ্ধ মা-বাবাসহ পরিবারের সদস্যদের বেঁধে, গলায় ছুরি ধরে জিম্মি করে ঘরে থাকা প্রায় ১৭ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা এবং বেশ কয়েকটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতির খবর পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে শ্রীপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরসহ ডাকাতদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।
প্রতিনিধি/এসএস