Dhaka Mail Logo

সারাদেশ

মাদারীপুরে ডায়রিয়ার রোগীর চাপ, ২৫ শয্যার ওয়ার্ডে ভর্তি প্রায় দ্বিগুণ

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ১০:১৩ এএম

মাদারীপুরে ডায়রিয়াসহ মৌসুমি বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। জেলা সদর হাসপাতালের ২৫ শয্যার ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছেন প্রায় দ্বিগুণ রোগী। একই সঙ্গে শিশু ওয়ার্ড এবং বহির্বিভাগেও রোগীর চাপ বেড়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ঘুরে দেখা যায়, জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন রোগীরা। তাদের বেশির ভাগই শিশু ও বয়স্ক। শয্যার ধারণক্ষমতার তুলনায় রোগীর সংখ্যা প্রায় দ্বিগুণ। ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে সবচেয়ে বেশি চাপ দেখা গেছে। ঠান্ডাজনিত রোগের পাশাপাশি চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। একই সঙ্গে বহির্বিভাগেও রোগীর চাপ বেড়েছে। চিকিৎসকেরা তরল খাবারের পাশাপাশি ডাবের পানি পান করার পরামর্শ দিচ্ছেন।

ccd3d67c-2363-45ff-9dce-097a85d3decb

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসাসেবা নিচ্ছেন। অনুমোদিত ১৬৪টি পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে কর্মরত আছেন ১৩৫ জন। দীর্ঘদিন ধরে ২৯টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।

decd2335-34ef-476c-9a3a-c6837c48af30

কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে আসা শিশু রোগী নাভানা আহম্মেদের মা রাবিয়া বেগম বলেন, ‘আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। বারবার পাতলা পায়খানা, বমি ও পেটব্যথা শুরু হলে হাসপাতালে নিয়ে আসি। এখন চিকিৎসা চলছে।’

596ee23a-a096-4f52-8679-611655af2cf1

ডায়রিয়ায় আক্রান্ত শিক্ষার্থী লামিয়া আক্তা বলেন, ‘সকালে ভাত খাওয়ার পর বমি শুরু হয়। এরপর বারবার পাতলা পায়খানা হতে থাকে। পরে হাসপাতালে ভর্তি হই।’

ec330e79-44a2-4fed-a89a-4904368dc757

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার বলেন, ‘আবহাওয়ার পরিবর্তন ও বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগী কিছুটা বেড়েছে। পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীরাও হাসপাতালে ভর্তি হচ্ছেন। সব ধরনের রোগীকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভয় বা আতঙ্কিত না হয়ে রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসতে হবে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

প্রতিনিধি/এসএস