জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৮:৩৫ এএম
নাটোরের লালপুরে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে লালপুর থানা প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
গ্রেফতার দুজন হলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার গোপালপুর বটতলা এলাকার আলমাস আলীর ছেলে সবুজ আলী (২০) এবং একই উপজেলার শরিফুল ইসলামের ছেলে সোহাগ আলী (১৯)।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে জেসমিন নাহার (৪০) নামে এক নারী ডাচ-বাংলা ব্যাংকের লালপুর শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে ভ্যানিটি ব্যাগে টাকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র-সংলগ্ন সড়কে চলন্ত মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় জেসমিন নাহার লালপুর থানায় মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পান থানার উপপরিদর্শক (এসআই) মো. মনিরুল ইসলাম। তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার মেহেরপুর জেলায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুট হওয়া ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার দুই আসামিকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/এসএস