Dhaka Mail Logo

সারাদেশ

ফেরিতে ওঠার আগেই ছাড়ল ফেরি, নদীতে পড়ল গরুবোঝাই পিকআপ

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০৮:২৯ এএম

পিরোজপুরের চরখালী-টগড়া ফেরিঘাটের টগড়া প্রান্তে ফেরিতে উঠতে গিয়ে কঁচা নদীতে পড়ে গেছে একটি গরুবোঝাই পিকআপ। এ ঘটনায় প্রায় ২ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের একটি অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরু পানিতে ডুবে মারা গেছে। আহত হয়েছেন গরুর মালিক ও পিকআপচালক।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে সাতক্ষীরা থেকে গরু নিয়ে বরগুনার উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পিকআপটি ফেরিতে ওঠার সময় এর সামনের অংশ ফেরিতে উঠলেও পেছনের অংশ তখনো বাইরে ছিল। এ অবস্থায় ফেরিটি ঘাট ছেড়ে চলতে শুরু করলে পিকআপের পেছনের একটি চাকা ফেরির বাইরে পড়ে যায়। এতে ভারসাম্য হারিয়ে গাড়িটি কঁচা নদীতে পড়ে যায়।

দুর্ঘটনাকবলিত পিকআপের চালক রুবেল অভিযোগ করেন, ফেরিতে দায়িত্বরত এক কর্মচারীর ইশারায় তিনি গাড়ি নিয়ে ফেরিতে উঠতে শুরু করেন। তবে গাড়িটি পুরোপুরি ফেরিতে ওঠার আগেই ফেরি ছেড়ে দেওয়ায় পেছনের চাকা ফেরির বাইরে চলে যায়। মুহূর্তের মধ্যে পিকআপটি নদীতে পড়ে যায় এবং এতে থাকা অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান জাতের গরুটি পানিতে ডুবে মারা যায়।

দুর্ঘটনায় গরুর মালিক মোহাম্মদ রুবেল ও পিকআপচালক পানিতে পড়ে আহত হন। পরে তারা সাতরে তীরে উঠতে সক্ষম হন।

খবর পেয়ে জিয়ানগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়।

এ ঘটনায় ফেরি কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে ফেরি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রতিনিধি/এসএস