Dhaka Mail Logo

সারাদেশ

চৌমুহনীতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ২

জেলা প্রতিনিধি

০৭ আগস্ট ২০২৬, ০৭:২৮ এএম

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে জেলা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক হাজী আবুল কাশেমকে (৬০) লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়েছে। তাকে রক্ষা করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী ও চৌমুহনী হকার্স মার্কেটের ফার্মেসি ব্যবসায়ী ইয়াছিন সেন্টু (৪৫)। এ ঘটনায় আবুল কাশেমের হাতেও গুলির আঁচড় লাগে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে চৌমুহনী বাজারের হকার্স মার্কেটের মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবুল কাশেম রাজনীতির পাশাপাশি নোয়াখালী জাতীয় হকার্স সমবায় সমিতি লিমিটেডের সভাপতি। বৃহস্পতিবার রাতে তিনি চৌমুহনী বাজারের জাতীয় হকার্স মার্কেটের কার্যালয়ে ছিলেন। রাত পৌনে ১২টার দিকে সহযোগী ইয়াছিন সেন্টুকে সঙ্গে নিয়ে বের হলে মূল গলিতে ওবায়দুলের চায়ের দোকানের সামনে পৌঁছানোর পর দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

eb8bdf36-391d-417c-b0e9-46ff64307f09

এ সময় ইয়াছিন সেন্টু আবুল কাশেমকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে কাশেমের হাতে গুলির আঁচড় লাগে। একটি গুলি সেন্টুর বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, গুলিতে একজন আহত হয়েছেন, আরেকজনের হাতে গুলির আঘাত লেগেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আনম ইমরান খান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আবুল কাশেমকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছিল। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি তার সহযোগীর বুকে লাগে।

প্রতিনিধি/এসএস