জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০৫:৪৩ এএম
কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেফতার আসামি ও সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানকে হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করেছেন চেম্বার আদালত।
একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে সংশ্লিষ্ট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ না করলে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে জামিন বাতিলের এই আদেশ দেন।
এর আগে, গত ২ আগস্ট হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথিকা হোসাইনের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আসামি হাফিজুর রহমানের জামিন মঞ্জুর করেছিলেন। ওই আদেশের পর গত ৪ আগস্ট সন্ধ্যায় তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
বহুচর্চিত এই হত্যা মামলার প্রধান আসামি জামিনে মুক্তি পাওয়ায় তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে হাইকোর্টের দেয়া ওই জামিন আদেশ স্থগিত ও বাতিল চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। আজ সেই আবেদনের শুনানি নিয়ে চেম্বার আদালত জামিন বাতিলের পাশাপাশি আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসভবন থেকে হাফিজুর রহমানকে গ্রেফতার করে মামলার তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পরদিন ২৩ এপ্রিল তাকে কুমিল্লার আদালতে হাজির করা হলে আদালত জিজ্ঞাসাবাদের জন্য তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড পর্ব শেষ হওয়ার পর থেকে তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারেই বন্দি ছিলেন।
২০১৬ সালের মার্চে কুমিল্লা ময়নামতী সেনানিবাস এলাকার একটি জঙ্গল থেকে ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডটি সে সময় দেশজুড়ে প্রবল আলোড়ন সৃষ্টি করেছিল।
প্রতিনিধি/এআরএম