জেলা প্রতিনিধি
০৭ আগস্ট ২০২৬, ০১:৪৭ এএম
বাগেরহাটে অব্যবহৃত (পঁচা) পুকুর থেকে মধ্য বয়সী অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের জাফর ইকবালেরে পুকুর থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্তত সাত দিন আগে ওই পুকুরে ফেলা হয়েছে ওই মরদেহ। ওই নারীর বয়স আনুমানিক ৩৮-৩৯ বছর হবে। তার পরনে পায়জামা ও হলুদাভাব মেকসি ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন জানান, মরদেহ পঁচে যাওয়ায় আঘাতের চিহ্ন আছে কি না তা বোঝা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে কেউ হত্যা করে পরিকল্পিতভাবে ওই পুকুরে ফেলে গেছে।
ওই নারীর পরিচয় জানার জন্য সকল থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।
এআরএম