জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১০:৫১ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলার ১৬৮ নম্বর, দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগে দায়ের করা মামলায় প্রধান শিক্ষকসহ তিন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. আফজাল হোসেন তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— ১৬৮ নম্বর দক্ষিণ চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ (৪৫), মো. হামিম দেওয়ান (২৫) এবং মো. রাশেদ খান (৪০)।
আদালত ও মামলার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করাকে কেন্দ্র করে সহকারী শিক্ষক মো. আক্তার হোসেনের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, গত ২৭ জুন প্রধান শিক্ষকসহ অভিযুক্তরা বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে আক্তার হোসেনকে টেনে-হিঁচড়ে মাঠে নিয়ে বেধড়ক মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ ঘটনায় গত ২ জুলাই সহকারী শিক্ষক মো. আক্তার হোসেন বাদী হয়ে চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধান শিক্ষকসহ আটজনকে আসামি করে মামলা দায়ের করেন।
তবে আদালতে আত্মসমর্পণ করতে এসে প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম ইউছুফ সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত নন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মামলায় আসামি করা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
প্রতিনিধি/ এজে