জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ১০:৫০ পিএম
কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ৫৫ হাজার ইয়াবা, একটি সিএনজি, একটি ব্যাটারিচালিত ভ্যান ও একটি মোবাইল ফোন জব্দসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি জানান, বুধবার বিকেল ৪টার দিকে টেকনাফের নাইট্যংপাড়া সংলগ্ন এলাকায় গোপন সংবাদে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটক ব্যক্তি ও জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফের আরেকটি বিশেষ অভিযানে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত ভ্যানে তল্লাশি চালানো হয়। এ সময় অভিনব কৌশলে লুকিয়ে রাখা প্রায় ১ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
একই সঙ্গে ইয়াবা পাচারে ব্যবহৃত ভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, এ ঘটনায় আটক ব্যক্তি ও জব্দ করা আলামতের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদকের ভয়াবহ বিস্তার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এলএ