জেলা প্রতিনিধি
০৬ আগস্ট ২০২৬, ০৯:৫৫ পিএম
ফেনীতে সিলিকা জেলি মিশ্রণের দায়ে ৩৮ কেজি গলদা চিংড়ি ও বিক্রয় নিষিদ্ধ ৩ টন আফ্রিকান মাগুর জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার নেতৃত্বে ফেনী পৌর মৎস্য আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় ৩ আড়তদারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, বড় আকারের চিংড়িতে ওজন বৃদ্ধি করতে একটি অসাধুচক্র সিরিঞ্জ দিয়ে সিলিকা জেলি পুশ করে প্রতারণা করে আসছে। এমন অভিযোগে বৃহস্পতিবার বিকালে ফেনী পৌর মৎস্য আড়তে অভিযান চালানো হয়। এসময় মেসার্স মায়ের দোয়া ফিশিং নামক মৎস্য আড়ত থেকে ৩৮ কেজি জেলি পুশকৃত গলদা চিংড়ি জব্দ করা হয়। মানবদেহের জন্য ক্ষতিকর ক্যামিকেল মিশ্রিত চিংড়ি বিক্রির জন্য মজুদের দায়ে আড়তদারের ৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়িগুলো মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।
একই অভিযানে জননী মাছের আড়ত ও নোয়াখালী মৎস্য আড়ত থেকে ৩০০০ কেজি বিক্রয় নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ করা হয়। এঘটনায় দুই আড়তের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাগুর মাছ ৩৭টি এতিমখানায় বিতরণ করে দেওয়া হয়।
অভিযানে জেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুর হাছান, ফেনী সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মিরাজুল ইসলাম, আইন শৃঙ্খলাবাহিনী, আড়ত এর সমিতির সদস্য এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।