Dhaka Mail Logo

সারাদেশ

আমদানির প্রভাবে কমছে মরিচের দাম, বাজারে স্বস্তি

জেলা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২৬, ০৯:৪৬ পিএম

ভারত থেকে কাঁচামরিচ আমদানি অব্যাহত থাকায় দিনাজপুরের হিলি বাজারে কমতে শুরু করেছে দেশীয় কাঁচামরিচের দাম। মাত্র দুই দিনের ব্যবধানে প্রতি কেজিতে ৭০ টাকা কমে বর্তমানে মানভেদে দেশীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১২০ টাকা দরে। সরবরাহ বাড়ায় বাজারে দামের ঊর্ধ্বগতি থেমে যাওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

বুধবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, মানভেদে দেশীয় কাঁচামরিচ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ মাত্র দুই দিন আগেও একই কাঁচামরিচ বিক্রি হয়েছে ২০০ টাকা কেজি দরে। ভারতীয় কাঁচামরিচ আমদানি শুরুর পর বাজারে সরবরাহ বাড়তে থাকায় দাম দ্রুত কমতে শুরু করেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

বাজারে কাঁচামরিচ কিনতে আসা অটোরিকশাচালক মেজাম্মেল হক বলেন, কয়েকদিন আগেও কাঁচামরিচের দাম এত বেশি ছিল যে প্রয়োজনের তুলনায় কম কিনতে হতো। এখন ১২০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এতে কিছুটা স্বস্তি মিলেছে। ভারত থেকে আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে বলে আশা করছি।

গৃহিণী সহিদা বেগম বলেন, কাঁচামরিচ প্রতিদিনের রান্নার অপরিহার্য উপকরণ। দাম বেড়ে যাওয়ায় সংসারের খরচও বেড়ে গিয়েছিল। এখন দাম কমতে শুরু করায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, ভারত থেকে নিয়মিত কাঁচামরিচ আমদানি হওয়ায় পাইকারি বাজারে দাম কমেছে। এর প্রভাব খুচরা বাজারেও পড়েছে। ফলে আগের তুলনায় কম দামে দেশীয় কাঁচামরিচ বিক্রি করা সম্ভব হচ্ছে।

আরেক ব্যবসায়ী মো. বিপ্লব হোসেন বলেন, ভারতীয় কাঁচামরিচের সরবরাহ স্বাভাবিক থাকলে বাজার আরও স্থিতিশীল হবে। তখন দাম আরও কিছুটা কমে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারতীয় কাঁচামরিচের ধারাবাহিক আমদানির ফলে বাজারে সরবরাহ বেড়েছে এবং দেশীয় কাঁচামরিচের ওপর চাপ কমেছে। চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য তৈরি হওয়ায় দাম দ্রুত কমছে। আগামী কয়েক দিন আমদানি স্বাভাবিক থাকলে কাঁচামরিচের দাম আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে আশা করছেন তারা।

প্রতিনিধি/এলএ