Dhaka Mail Logo

সারাদেশ

মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খুলে খুশি শিক্ষার্থীরা

জেলা প্রতিনিধি

০৬ আগস্ট ২০২৬, ০৫:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্কুল শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা তৈরি ও ব্যাংকিং সেবার সাথে পরিচয় করিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ‘ছোট হাতে সঞ্চয়ের বীজ, বড় হবে একদিন— কৃষি ব্যাংকের স্কুল ব্যাংকিং আনবে সুখের দিন’এইই স্লোগানকে সামনে রেখে মাত্র ১০ টাকায় ব্যাংক হিসাব খোলার সুযোগ পাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন-২০১৬’ এর মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক (উপমহাব্যবস্থাপক) মোহাম্মদ ইউছুফ খান। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া শাখার এসপিও মো. আনিসুর রহমান, নাসিরনগর শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হাছান (এসপিও) ও নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধা বিকাশে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী ও নাস্তা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন প্রজন্মকে অর্থনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলতেই এই স্কুল ব্যাংকিংয়ের আয়োজন। শিক্ষার্থীরা তাদের টিফিনের টাকা থেকে সামান্য অংশ বাঁচিয়ে এই হিসেবে জমা করতে পারবে। যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের বিনামূল্যে অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। এর ফলে তাদের মধ্যে ছোটোবেলা থেকেই মিতব্যয়িতা ও সঞ্চয়ের মানসিকতা তৈরি হবে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনেক শিক্ষার্থী বলেন, আমাদের এই বয়সে ব্যাংকে হিসাব খুলা হবে এটা যেন স্বপ্নের মতো লাগছে। মাত্র ১০ টাকায় নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পেরে আমরা আনন্দিত।

প্রতিনিধি/এজে