জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০৮:১৭ পিএম
পাবনার বেড়া উপজেলার আমিনপুরের কাজিরহাট এলাকায় যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) বিকেল তিনটার দিকে পদ্মা সেতুর কাছে মাওয়া এলাকা থেকে বিনয় রায়ের (১৫) মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে, মঙ্গলবার (৪ আগস্ট) বেড়া উপজেলার কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিক্ষার্থী বিনয় রায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার গাজীপুর সদর উপজেলার মিটুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই স্কুল শিক্ষার্থী তাদের পরিবারের সদস্যদের সাথে আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় শ্রী নিমাই করাতির বাড়িতে গিয়েছিল। সোমবার দুপুরে তারা বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে। একপর্যায়ে দুজনই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার সন্ধ্যার পর উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার বিকেল তিনটার দিকে পদ্মা সেতুর কাছে মাওয়া এলাকায় বিনয় রায়ের মরদেহ ভেসে ওঠে।
কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখানে দুইদিন ধরে তল্লাশি চালায় নৌপুলিশ। পরে পৃথকভাবে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এবিষয়ে আইন ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/ এজে