Dhaka Mail Logo

সারাদেশ

কোটি টাকার সড়ক প্রকল্পে নিম্নমানের মালামাল, অভিযোগের পর অপসারণ

উপজেলা প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৬, ০৫:০৭ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে গেড়ামারা বাজার থেকে দিঘুলিয়া সড়কের সাব-বেজ নির্মাণকাজে নিম্নমানের মালামাল ব্যবহারের অভিযোগ উঠেছে। 

স্থানীয়দের রোষ ও কর্তৃপক্ষের হস্তক্ষেপের পর সাইট থেকে সেসব নিম্নমানের নির্মাণসামগ্রী সরিয়ে নিতে বাধ্য হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা বাজার–দিঘুলিয়া সড়কের ৮০০ মিটার রাস্তার সাব-বেজ নির্মাণের কাজ চলছে। ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পটির কার্যাদেশ পায় ‘মেসার্স কৃষ্ণা স্টুডিও’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ রয়েছে, সম্প্রতি রাতের অন্ধকারে নিম্নমানের ইটের খোয়া সাইটে এনে বালুর সঙ্গে মিশিয়ে মজুত করা হয়।

বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসলে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও তথ্য প্রকাশ করেন এবং এলজিইডি কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানান। ঘটনার পরপরই এলজিইডির কর্মকর্তারা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। কর্মকর্তাদের উপস্থিতিতেই সাইট থেকে নিম্নমানের খোয়াসহ বিতর্কিত মালামাল অপসারণের কাজ শুরু হয়।

এ ব্যাপারে মেসার্স কৃষ্ণা স্টুডিও স্বত্বাধিকারী বিল্লাল হোসেন বলেন, সব মালামাল নিম্নমানের ছিল না। তারপরও অভিযোগ হওয়ার পর সেগুলো সরিয়ে নেয়ার কাজ শুরু করা হয়েছে বলে তিনি জানান।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন বলেন, উন্নয়নমূলক কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি সহ্য করা হবে না। সংশ্লিষ্ট ঠিকাদারকে ইতোমধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি নিম্নমানের মালামাল দ্রুত সরিয়ে নিয়ে এলজিইডির প্রতিনিধির উপস্থিতিতে উন্নত মানের খোয়া দিয়ে পুনরায় সাব-বেজের মিশ্রণ তৈরি করে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/এজে