জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০১:৫৩ পিএম
মাদারীপুরের ডাসার উপজেলায় একটি ফার্নিচারের দোকানে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে নজরুল ইসলাম নিরব শরীফ (১৩) নামে এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দোকানমালিক আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নিরব শরীফ গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রতিদিনের মতো বুধবার সকালে শ্রমিকেরা রবিউল মাতুব্বরের ফার্নিচারের দোকানে কাজ করছিলেন। এ সময় দোকানে থাকা একটি কেমিক্যালের ড্রাম হঠাৎ বিস্ফোরিত হয়। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে আহত নিরব ও দোকানমালিক রবিউল মাতুব্বরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত দোকানমালিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রতিনিধি/এসএস