উপজেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০১:২২ পিএম
ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
বুধবার (৫ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
জিরাবো ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আহমেদুল কবির বলেন, খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশনের দুটি এবং ডিইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। কারখানায় দাহ্য পদার্থ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিসের জোন–৩ এর উপসহকারী পরিচালক হাফিজুর রহমান বলেন, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ চালিয়ে যাচ্ছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
উল্লেখ্য, শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ (বিএটিবিসি) ২০২৫ সালের জুলাইয়ে রাজধানীর মহাখালীর কারখানা আশুলিয়ায় স্থানান্তর করে। নতুন কারখানার উৎপাদন সক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি প্রায় ৩০০ কোটি টাকা বিনিয়োগ করে।
প্রতিনিধি/এসএস