জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১২:৪১ পিএম
মাদারীপুরে কৃষক আবুল কালাম আকন হত্যা মামলার বাদীপক্ষের এক সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার পুরান বাজার থেকে থানায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
আহত বিথী আক্তার (৩৫) সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিহত আবুল কালাম আকনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে গত ২৮ জুলাই আবুল কালাম আকনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে তার ভাই মজিবর আকন ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে এবং পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জুলাই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী পারুল আক্তার বাদী হয়ে মজিবর আকনসহ কয়েকজনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর থেকে আসামিপক্ষের হুমকির মুখে থাকার অভিযোগ করেন বাদীপক্ষ।
বিথী আক্তার ও তার বোন শিউলী আক্তার জানান, বুধবার সকালে সাধারণ ডায়েরি (জিডি) করতে ইজিবাইকে করে থানায় যাচ্ছিলেন। পথে একই ইজিবাইকে ওঠা দুই যুবকের একজন লোহার রড দিয়ে বিথীর মাথায় আঘাত করে পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

বিথী আক্তার বলেন, তার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এখন তাদের পরিবারকেও ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি হামলার বিচার দাবি করেন।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হামলার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় অভিযুক্ত মজিবর আকনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
প্রতিনিধি/এসএস