Dhaka Mail Logo

সারাদেশ

জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের পাশে থাকবে সরকার: ভূমিমন্ত্রী

জেলা প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে সরকার থাকবে। তাদের কল্যাণ ও পুনর্বাসনে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে।

বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী নগরের সিএন্ডবি মোড়ের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সব সময় পাশে রয়েছে। তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন এবং শহীদ পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আত্মত্যাগ করেছেন, সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত জুলাই শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, তার সন্তানের হত্যাকাণ্ডের বিচার চান। জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

এর আগে ভূমিমন্ত্রী জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশীদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।

সকাল থেকেই জুলাই শহীদদের স্মরণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ উপলক্ষে স্মৃতিস্তম্ভ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

প্রতিনিধি/এসএস