জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১১:২৪ এএম
বৃষ্টি উপেক্ষা করেই ঠাকুরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও র্যালি করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় জুলাই যোদ্ধারা একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে বিশেষ দোয়া ও প্রার্থনা।

এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনও পৃথক কর্মসূচির মাধ্যমে জুলাইয়ের শহীদদের স্মরণ করছে।
প্রতিনিধি/এসএস