উপজেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ১০:৫৪ এএম
নোয়াখালীর হাতিয়া উপজেলার ইসলাম চরসংলগ্ন নদীতে অবৈধভাবে মাছ ধরার ঘের তৈরির অভিযোগে যৌথ অভিযানে ২২ জনকে আটক করেছে নলচিরা নৌ-পুলিশ ও বন বিভাগ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে ইসলাম চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে নলচিরা নৌঘাটে আনা হয় এবং বুধবার তাদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

নৌ-পুলিশ ও বন বিভাগের সূত্র জানায়, বহিরাগত কিছু ব্যক্তি স্থানীয় বনের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে অবৈধ ঘের তৈরি করে মাছ শিকার করছিলেন। এতে বাল্কহেড, কার্গোসহ বিভিন্ন নৌযানের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি বালি ও পলি জমে নদীর নাব্যতা কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ছাড়া স্থানীয় জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে ১৭ জন প্রাপ্তবয়স্ক। তাদের বাড়ি নোয়াখালীর সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলায়। বাকি পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিযানসংশ্লিষ্টরা।
নলচিরা রেঞ্জের বিট কর্মকর্তা বাবুল হক বলেন, অবৈধভাবে বনাঞ্চলের কেওড়া ও গেওয়া গাছ কেটে নদীতে ঘের তৈরি করে মাছ শিকারের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশীষ চন্দ্র সাহা বলেন, অবৈধ ঘের তৈরির কারণে নৌযান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। আটক ব্যক্তিদের বিরুদ্ধে চরঘেরা জাল ও মৎস্য আইনের ৫(১) ধারায় মামলা করে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস