জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০৯:১৫ এএম
দীর্ঘ ২৫ বছরের চাকরি শেষে নেত্রকোনার বারহাট্টা থানার পুলিশ কনস্টেবল সেকুল মিয়াকে ফুলে সাজানো গাড়িতে করে বিদায় সংবর্ধনা দিয়েছেন সহকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বারহাট্টা থানা প্রাঙ্গণে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম।
অনুষ্ঠানে ওসি চম্পক দাম ছাড়াও এসআই মোহাম্মদ শহীদুল ইসলাম, মো. আব্দুল কাদির, মো. আরিফুল ইসলাম, মো. মাহবুব সোবহান, মো. মেহেদী হাসানসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন। পরে সহকর্মীদের ভালোবাসায় ফুলে সজ্জিত গাড়িতে করে সেকুল মিয়াকে তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সেকুল মিয়া ২০০১ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে দেশের বিভিন্ন থানায় দায়িত্ব পালন শেষে সর্বশেষ বারহাট্টা থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার পালগাঁও গ্রামে।
বিদায়ী কনস্টেবল সেকুল মিয়া বলেন, এ সংবর্ধনা তার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে। এভাবে সম্মান জানিয়ে বিদায় দেওয়া হবে, তা কখনো কল্পনাও করেননি।

ওসি চম্পক দাম বলেন, দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে সহকর্মীরা তাকে সম্মান জানাতে এ আয়োজন করেছেন। তিনি সেকুল মিয়ার সুস্বাস্থ্য ও সুন্দর অবসরজীবন কামনা করেন।
প্রতিনিধি/এসএস