জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০৮:৪৭ এএম
চাঁপাইনবাবগঞ্জ শহরে এক অটোরিকশাচালককে ছুরিকাঘাত করে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সাফিন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে শহরের ফুড অফিস মোড়ে এ ঘটনা ঘটে।
আটক সাফিন রাজশাহীর চারঘাট উপজেলার গঙ্গারামপুর গ্রামের মুকুল হোসেনের ছেলে। আহত অটোরিকশাচালক হেলাল চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া এলাকার নয়নের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইয়ের চেষ্টার সময় অটোরিকশাচালক হেলালের পেটে ছুরিকাঘাত করা হয়। এ সময় স্থানীয় লোকজন সাফিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
আহত হেলালকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, সাফিনের বিরুদ্ধে চারঘাট থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি।
প্রতিনিধি/এসএস