Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১১ কর্মদিবসে অভিযোগপত্র

জেলা প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৬, ০৮:১৫ এএম

নড়াইল সদর উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় তদন্ত শেষ করে ১১ কর্মদিবসের মধ্যে একমাত্র অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবির (৩৫) বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা নড়াইল সদর থানার পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুন্ডু নড়াইলের আমলি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২০ জুলাই বিকেলে নড়াইল সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী রবিউল শিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিশুটির বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন।

একই দিন সকালে দত্তপাড়া এলাকা থেকে রবিউল শিকদারকে আটক করে স্থানীয় লোকজন পুলিশের কাছে সোপর্দ করেন। এ ঘটনাকে কেন্দ্র করে নড়াইলে মানববন্ধন, সড়ক অবরোধসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

মামলার তদন্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন, ডিএনএ রিপোর্ট এবং অন্যান্য আলামত ও তথ্য-প্রমাণ সংগ্রহ শেষে ১১ কর্মদিবসের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, মামলাটির বিচার দ্রুত সম্পন্ন হবে এবং ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পাবে।

প্রতিনিধি/এসএস