Dhaka Mail Logo

সারাদেশ

মোহনগঞ্জে আগুনে পুড়ে দুই দোকান, ক্ষতি ১২ লাখ টাকার দাবি

জেলা প্রতিনিধি

০৫ আগস্ট ২০২৬, ০৮:১০ এএম

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর বাজারে আগুনে দুটি মনোহারি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সেলিম মিয়া ও সাদেক মিয়া। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে সেলিম মিয়ার দোকানে আগুন লাগে। পরে বাতাসের কারণে আগুন দ্রুত পাশের সাদেক মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে।

বর্ষাকালে বাজারসংলগ্ন সড়ক পানিতে তলিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে দুই দোকান ও ভেতরে থাকা সব মালামাল পুড়ে যায়।

সেলিম মিয়া বলেন, দোকানঘর ও মালামালসহ তার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। কিছুই রক্ষা করা যায়নি।

সাদেক মিয়া বলেন, দোকানের আয়ের ওপরই তার পরিবারের জীবিকা নির্ভরশীল ছিল। আগুনে সব পুড়ে যাওয়ায় তিনি চরম বিপাকে পড়েছেন। তারও প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

f725b02f-14dc-4519-a13d-ad0eeba7dfda

গাগলাজুর বাজার কমিটির সদস্যসচিব বাদল মীর্জা বলেন, বর্ষা মৌসুমে বাজারের চারপাশের সড়ক পানিতে তলিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছাতে পারে না। তাই স্থানীয়দের চেষ্টাতেই আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন বলেন, বাজার কমিটির পক্ষ থেকে তাকে এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়নি। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে একটি তদন্ত দল পাঠানো হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস