জেলা প্রতিনিধি
০৫ আগস্ট ২০২৬, ০৭:২৯ এএম
ভুল তথ্যের ভিত্তিতে আদালতে ‘শোন অ্যারেস্ট’ (Shown Arrest) আবেদন করায় বরগুনার বেতাগী থানার এক তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক মো. আনোয়ার হোসেন সম্প্রতি এ আদেশ দেন। আদেশে বেতাগী থানার তদন্ত কর্মকর্তা এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নিতে বরগুনার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৯ আগস্টের মধ্যে গৃহীত ব্যবস্থা সম্পর্কে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর একটি মামলায় তদন্ত কর্মকর্তা এক আসামিকে ‘শোন অ্যারেস্ট’ দেখানোর আবেদন করেন। তবে মামলার নথি পর্যালোচনা করে আদালত দেখতে পান, ঘটনার সময় ওই আসামি অন্য একটি মামলায় কারাগারে ছিলেন। ফলে তাঁকে পলাতক দেখিয়ে ‘শোন অ্যারেস্ট’ আবেদন বাস্তবতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলে মন্তব্য করেন আদালত।

আদেশে আরও বলা হয়, তদন্ত কর্মকর্তা যথাযথ তথ্য যাচাই-বাছাই না করেই আবেদন করেছেন, যা দায়িত্বে অবহেলা ও পেশাগত অদক্ষতার পরিচায়ক। এ ধরনের কর্মকাণ্ড বিচারিক প্রক্রিয়া এবং নাগরিকের মৌলিক অধিকারের পরিপন্থী বলেও পর্যবেক্ষণে উল্লেখ করা হয়।
এ ঘটনায় এসআই মো. নজরুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তার অগ্রগতি প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে আদালতে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এসএস