জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০৮:০৭ পিএম
দিনাজপুর আন্তঃজেলা চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় চোরাইকৃত তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানে চক্রের আরও দুই সদস্য পালিয়ে যায়।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে জেলা পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম ওরফে শাহিন আলম, পীরগঞ্জ উপজেলার বসন্তপুর গ্রামের মো. সোহাগ হোসেন।
পুলিশ জানায়, দিনাজপুর কোতয়ালী থানার সরকারি কলেজ মোড় এলাকার লিচু চত্বরের পূর্ব পাশে মেসার্স নেসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সামনে অভিযান চালিয়ে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব গোয়ালপাড়া এলাকার বাসিন্দা শাহিনুর ইসলাম ওরফে শাহিন আলম (৩৫)-কে একটি লাল-সিলভার-কালো রঙের চোরাইকৃত ইয়ামাহা এফজেড-এস মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়।
অভিযান চলাকালে চক্রের আরেক সদস্য আশরাফুল ওরফে মেকার আশরাফুল (৩৬) একটি কালো-সাদা রঙের টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ফোর-ভি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। পরে মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।
গ্রেফতার হওয়া শাহিনুর ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের গাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সোহাগ হোসেন (২২)-কে একটি কালো রঙের ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। তবে অভিযানের সময় চক্রের আরেক সদস্য মশিউর রহমান (২৫) পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দিনাজপুর কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজুর জন্য এজাহার দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/ এজে