জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০৪:৫৪ পিএম
সাতক্ষীরা-খুলনা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে অবস্থিত ব্লিস হাসপাতালে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে ভবনের বিভিন্ন অংশে ধোঁয়া থাকায় এখনো তল্লাশি ও উদ্ধার কার্যক্রম চলছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১টা ১৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রোগীর সংখ্যা বিবেচনায় পার্শ্ববর্তী স্টেশন থেকে আরও দুটি ইউনিট যোগ দিলে মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়।
সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. সাইফুজ্জামান (বিএফএম) বলেন, হাসপাতালে ভর্তি রোগীদের দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে এলেও ভবনের ভেতরে তল্লাশি চলছে। তল্লাশি শেষ হলে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফায়ার সার্ভিসের সদস্যরা হাসপাতালের বিভিন্ন তলা থেকে রোগীদের নিরাপদে সরিয়ে নেন। অগ্নিকাণ্ডে নারী, শিশু ও বয়স্ক রোগীসহ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত বা নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি।
হাসপাতালের এক কর্মকর্তা জানান, আগুন লাগার সময় তিনি ভবনের ওপরের তলায় ছিলেন। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চারপাশ অন্ধকার হয়ে যায়। পরে অন্যদের সহায়তায় নিচে নামার সময় ভাঙা কাচের আঘাতে তার মাথায় আঘাত লাগে।

ঘটনার পর সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, ট্রাফিক বিভাগ ও বিজিবির সদস্যরা কাজ করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ফায়ার সার্ভিস, পুলিশ ও বিজিবির সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। আহতদের বিষয়ে বিভিন্ন হাসপাতালে খোঁজ নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের তল্লাশি শেষ হলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
প্রতিনিধি/এসএস