জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০৪:২৭ পিএম
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং ডিজিটাল প্রিপেইড মিটারে গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলা জামায়াতে ইসলামী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জেলাজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার্থী, নারী ও শিশুরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। তারা দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং প্রিপেইড মিটারসংক্রান্ত সমস্যার সমাধানের দাবি জানান।

বক্তারা আরও বলেন, অতীতে বিদ্যুতের দাবিতে আন্দোলনের সময় কৃষকদের ওপর গুলি চালানো হয়েছিল। একই ব্যক্তিকে পুনরায় বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ারও সমালোচনা করেন তারা।
মানববন্ধনে জামায়াতের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

কর্মসূচি শেষে জেলা প্রশাসক, নেসকোর নির্বাহী প্রকৌশলী এবং পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপকের (জেনারেল ম্যানেজার) কাছে স্মারকলিপি দেওয়া হয়।
প্রতিনিধি/এসএস