জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০৩:০৬ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল হামিদ মিয়া (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল চালক রামিম মিয়া (১৫) আহত হয়েছেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে উপজেলার বেলকা ইউনিয়নের জহুরুলের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ মিয়া পশ্চিম বেলকা গ্রামের বাসিন্দা এবং মৃত খুজিয়া মাহমুদের ছেলে। আহত রামিম মিয়া দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী চান্দের মোড় এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে।
স্থানীয়দের ভাষ্য, আব্দুল হামিদ মিয়া রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। সংঘর্ষে মোটরসাইকেল চালকও আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল হামিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত রামিম মিয়া সেখানে চিকিৎসাধীন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
প্রতিনিধি/এসএস