জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ০২:২১ পিএম
নেত্রকোনার মদনে জাল দলিল নিয়ে মন্তব্য করাকে কেন্দ্র করে বনার মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দলিল লেখক রহিছ মিয়া ও তার সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকালে উপজেলা সদরের সাব-রেজিস্ট্রার কার্যালয়-সংলগ্ন একটি চায়ের দোকানে এ ঘটনা ঘটে।
আহত বনার মিয়া মদন পৌর বিএনপির প্রচার সম্পাদক। তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) স্থানীয় লোকজন ও অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুন ভুয়া কাগজপত্র দিয়ে দলিল নিবন্ধনের চেষ্টা করলে দলিল লেখক রহিছ মিয়ার একটি দলিল সাব-রেজিস্ট্রার জব্দ করেন। পরে ২৮ জুন তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলিল লেখা থেকে বিরত থাকতে বলা হয়।
সোমবার সকালে বনার মিয়া স্থানীয় কয়েকজনের সঙ্গে ওই ঘটনা নিয়ে আলোচনা করছিলেন। এ সময় রহিছ মিয়া ও তার সহযোগীরা সেখানে গিয়ে এ বিষয়ে কথা বলতে নিষেধ করেন। একপর্যায়ে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা হলে বনার মিয়ার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
বনার মিয়ার বড় ছেলে রুজেল মিয়া বলেন, তার বাবাকে হত্যার উদ্দেশে মারধর করা হয়েছে। এ ঘটনায় তিনি মদন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করেছেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রহিছ মিয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।
মদন পৌর বিএনপির সভাপতি কামরুজ্জামান চন্দন বলেন, ঘটনাটি দুঃখজনক। বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এসএস