জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১২:২৪ পিএম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত চারটি পর্যটনকেন্দ্রে দর্শনার্থীরা বিনা মূল্যে প্রবেশের সুযোগ পাবেন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটনকেন্দ্রে ৫ আগস্ট সবার জন্য বিনা মূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে।

স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এ উদ্যোগের ফলে দর্শনার্থীদের জনপ্রতি প্রায় ২০০ টাকা প্রবেশমূল্য সাশ্রয় হবে। পাশাপাশি অতিরিক্ত ব্যয় ছাড়াই পর্যটকেরা সহজে এসব দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন। এতে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব পড়বে এবং পর্যটকের আগ্রহ আরও বাড়বে বলে তাদের আশা।
প্রতিনিধি/এসএস