জেলা প্রতিনিধি
০৪ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে এক সাবেক সেনা সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
সোমবার (৩ আগস্ট) রাতে হামলার শিকার হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৪ আগস্ট) সকালে তার মৃত্যু হয়।
নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফেরার পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এ সময় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে রাত একটার দিকে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।
নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, তার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সঙ্গে দীর্ঘদিন বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে একা পেয়ে হামলা করা হয়েছে বলে তাদের অভিযোগ। তিনি ঘটনার বিচার দাবি করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
প্রতিনিধি/এসএস