Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি

০৪ আগস্ট ২০২৬, ১১:১৬ এএম

হবিগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৬২ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, একটি কাভার্ডভ্যানে ভারতীয় অবৈধ পণ্য পরিবহন করা হচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে মাধবপুর উপজেলার পুরোনো মহাসড়কের সুরমা চা–বাগান এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কাভার্ডভ্যানটি মহাসড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে কার্টনের মধ্যে সুকৌশলে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় মেহেদি, ফুচকা, কিটক্যাট চকলেট ও বিস্কুট জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, এসব পণ্য পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল। জব্দ করা মালামাল কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে। এ কাজে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান তিনি।

প্রতিনিধি/এসএস