Dhaka Mail Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ‘অদম্য জুলাই’ ব্যানারে শিবিরের বিক্ষোভ

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ১০:০৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ইসলামী ছাত্রশিবির।

সোমবার বিকেল সাড়ে ৫টায় ‘অদম্য জুলাই’ ব্যানারে জেলা শহরের টাউন ফুটবল মাঠ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে বড় বাজারের শহীদ হাসান চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

সমাবেশে জেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মহসিন ইমদাদুল্লাহ জামেন বলেন, ৩৬ জুলাই যদি এই বাংলার জমিনে না হতো, তাহলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না। এই জুলাই হয়েছে বলেই খালেদা জিয়ার জানাজা এই দেশে হয়েছে। জামায়াত-শিবিরের চামড়া তুলতে গিয়ে তাদের দিল্লিতে পালাতে হয়েছে। জামায়াত-শিবিরকে তাড়াতে গিয়ে আপনাদের এই দেশ থেকে বিদায়ের ঘণ্টা যেন বাজাতে না হয়। সে ব্যাপারে সতর্ক থাকবেন। তাই এখনই বিএনপি সরকারকে আহ্বান করছি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করুন।

জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাগর আহমেদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে এবং আন্দোলনের চেতনা বাস্তবায়নে জুলাই সনদ কার্যকর করতে হবে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নেরও দাবি জানাচ্ছি। জুলাইকে মুছে ফেলার চেষ্টা করলে আবারও একটি জুলাই হবে এই দেশে। বর্তমান সরকার স্বৈরাচারের পথে হাঁটছে। তারা ফ্যাসিস্ট হতে চায়। এই দেশে আর কোনো ফ্যাসিস্ট দলের জায়গা নেই। জনগণের রায় বাস্তবায়ন করুন। তা নাহলে আপনাদেরও ওই পলাতক স্বৈরাচারী দল আওয়ামী লীগের মতো পরিণতি হবে। তাই গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

সংগঠনের সেক্রেটারি মাসুম বিল্লাহ বলেন, জুলাই আন্দোলনে যেসব ভাইকে হত্যা করা হয়েছে, সেই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনো বিচার কার্যকর হয়নি। জুলাই আন্দোলনের দুই বছর হয়ে গেল। অথচ বর্তমান সরকার জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় নিয়ে আসতে পারেনি। আর কোনো হেলাফেলা চলবে না। খুব দ্রুত বিচার চাই।

এ সময় মিছিল ও সমাবেশে জেলা, উপজেলা, পৌর এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ