Dhaka Mail Logo

সারাদেশ

মানিকগঞ্জে জুয়া খেলতে গিয়ে পুলিশ কনস্টেবলসহ আটক ৩

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৮:২৮ পিএম

মানিকগঞ্জ সদর উপজেলার একটি ভুট্টাক্ষেতে জুয়া খেলার সময় এক পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মানিকগঞ্জ সদর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সোমবার (৩ আগস্ট) দুপুরে আটক দুজনকে আদালতে পাঠানো হয়। আর আটক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে রোববার (২ আগস্ট) বিকেলে সদর উপজেলার বাসুদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক পুলিশ সদস্য তারেক মানিকগঞ্জ সদর থানায় কনস্টেবল হিসেবে কর্মরত। তিনি থানার কিলো-ওয়ান (Kilo-1) গাড়ির চালক বলে জানা গেছে। অপর দুইজন হলেন পাবনা জেলার বেড়া উপজেলার চর কল্যাণপুর গ্রামের মৃত রফিক ফকিরের ছেলে ফরহাদ এবং মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামের আব্দুল বিশ্বাসের ছেলে রুহুল।

স্থানীয়রা জানান, বাসুদেবপুর গ্রামের একটি ভুট্টাখেতে পুলিশ কনস্টেবলসহ ছয়জন জুয়া খেলছিলেন। খবর পেয়ে এলাকাবাসী সেখানে গিয়ে তাদের হাতেনাতে আটক করে। এ সময় তিনজন পালিয়ে গেলেও পুলিশ কনস্টেবলসহ তিনজনকে আটক করে স্থানীয়রা। পরে তাদের মানিকগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাশাপাশি জড়িত পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেওয়া হবে।

প্রতিনিধি/এসএস