Dhaka Mail Logo

সারাদেশ

ভবদহে জলাবদ্ধতা সংকট স্থায়ী সমাধানের দাবিতে উত্তাল যশোর

জেলা প্রতিনিধি

০৩ আগস্ট ২০২৬, ০৬:০৬ পিএম

দীর্ঘদিনের জলাবদ্ধতায় বিপর্যস্ত যশোরের ভবদহ অঞ্চলের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ উত্তাল রূপ নিয়েছে। সংকটের স্থায়ী সমাধান দাবিতে এবং টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট) বাস্তবায়নের আহ্বান জানিয়ে সোমবার (৩ আগস্ট) যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি।

গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে মণিরামপুর, কেশবপুর ও অভয়নগর উপজেলার জলাবদ্ধতাকবলিত এলাকা থেকে আসা শত শত নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেন।

দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া কর্মসূচির আগে লাঙল, কাস্তে, শাপলা এবং জলাবদ্ধতার প্রতীকী বিভিন্ন উপকরণ হাতে নিয়ে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার অবসানে অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

সংগঠনের সভাপতি অনিল বিশ্বাসের সভাপতিত্বে কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। এ ছাড়া বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি রাশেদ খান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের নেতা অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, বাসন্তী মণ্ডল, শেখর বিশ্বাস, সুখেন্দু বিশ্বাস, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাসসহ ভুক্তভোগী প্রতিনিধিরা।

বক্তারা বলেন, ভবদহ অঞ্চলের মানুষ বছরের ছয় থেকে সাত মাস জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন। হাজার হাজার একর কৃষিজমি, মাছের ঘের, ফসল, বসতবাড়ি, রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পানিতে তলিয়ে থাকায় স্থানীয় মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশুদ্ধ পানির সংকট, পয়োনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়া এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে মানবিক সংকট দিন দিন আরও তীব্র হচ্ছে।

সমাবেশ থেকে ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে সব নদী ও খাল পুনঃখনন, আমডাঙা খালের দ্রুত সংস্কার, খর্নিয়া সেতুর পাশের আড়বাঁধসহ পানি প্রবাহে প্রতিবন্ধক সব স্থাপনা অপসারণ এবং বিলে বিলে কার্যকর টিআরএম বাস্তবায়নের দাবি জানানো হয়।

তাদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের অপরিকল্পিত ব্যবস্থাপনা, প্রকল্পনির্ভর কার্যক্রম এবং সংশ্লিষ্টদের দীর্ঘদিনের গাফিলতির কারণেই ভবদহের জলাবদ্ধতা ভয়াবহ রূপ নিয়েছে। একই সঙ্গে স্থানীয় কিছু প্রভাবশালী মহলের বাধার কারণেও স্থায়ী সমাধান বারবার পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।

Jessore1

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, ভবদহবাসীর দাবি সম্পূর্ণ ন্যায়সঙ্গত ও যৌক্তিক। সরকার পর্যায়ক্রমে খাল খননসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং ভবদহ সমস্যার স্থায়ী সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি ভবদহ এলাকায় টিআরএম বাস্তবায়ন আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা আর্থিক সহায়তার ঘোষণাও দেন।

কর্মসূচি থেকে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দফতরগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। একই সঙ্গে ভবদহের দীর্ঘদিনের মানবিক সংকটকে জাতীয় অগ্রাধিকারের বিষয় হিসেবে বিবেচনা করে দ্রুত স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানানো হয়। আন্দোলনকারীরা বলেন, প্রতিশ্রুতি নয়, এবার বাস্তব সমাধান চায় ভবদহ অঞ্চলের লাখো মানুষ।

প্রতিনিধি/এফএ